বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

মেসির সফর ঘিরে বিতর্ক: তৃণমূলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার হুঁশিয়ারি


প্রকাশ :

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি-র ভারত সফর ঘিরে সৃষ্ট বিতর্ক নতুন করে সামনে এসেছে। সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত এবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন।

২০২৫ সালের ডিসেম্বরে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসির সফরকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়, তা নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি মুখ খুলেছেন শতদ্রু দত্ত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টিএমসির পরাজয়ের পরই তিনি দলের বিরুদ্ধে সরব হন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এবং তিন বছরের পরিশ্রম নষ্ট করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে দত্ত জানান, তিনি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবেন। তার ভাষায়, নির্বাচনে হার মানেই দায়মুক্তি নয়; এ ঘটনার বিচার তিনি শেষ পর্যন্ত দেখে ছাড়বেন।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-এর বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তুলেছেন দত্ত। তার দাবি, মন্ত্রী ও তার ঘনিষ্ঠদের অতিরিক্ত হস্তক্ষেপ এবং মেসির সঙ্গে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা তৈরির চেষ্টাই স্টেডিয়ামের পরিস্থিতি জটিল করে তোলে। এতে দর্শকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু হয়।

দত্তের অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হন মেসি। এই ঘটনার দায়ও তিনি ক্রীড়ামন্ত্রীর ওপর চাপিয়েছেন।

উল্লেখ্য, ওই ঘটনার পর পুলিশ শতদ্রু দত্তসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এর জেরে তাকে টানা ৩৭ দিন কারাভোগ করতে হয়, যা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি-ও একই ইস্যুতে অরূপ বিশ্বাসের সমালোচনা করেছেন। টিএমসি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি অভিযোগ করেন, ক্রীড়াক্ষেত্রের মৌলিক বিষয় সম্পর্কে অজ্ঞতার কারণেই রাজ্যের ক্রীড়া উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।