আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজ এখন ১–১। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলবার, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ফেব্রুয়ারির বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি, তাই স্বাভাবিকভাবেই দল নিয়ে পরীক্ষা–নিরীক্ষার সুযোগ আর নেই।
এই সিরিজে বিকল্প সমাধান খুঁজতে শামীম হোসেনকে সরিয়ে দলে জায়গা পেয়ে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু প্রথম দুই ম্যাচেই একাদশে জায়গা হয়নি তার। কেন তাকে নামানো হলো না—এই প্রশ্নই উঠল শেষ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট স্পষ্ট করে বললেন, বিষয়টি তার হাতে নেই। অঙ্কনকে না খেলানো নিয়ে প্রশ্ন করা হলে টেইটের সোজা উত্তর, যারা দল গঠন করেন, প্রশ্নটা তাদের কাছে করাই ভালো।
আয়ারল্যান্ড সিরিজের পরই খেলোয়াড়েরা ঢুকবেন বিপিএলের ব্যস্ততায়। এই লিগই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভালো কাজ দেবে বলে মনে করেন টেইট। পেসারদের চোটের আশঙ্কা থাকলেও তিনি এতে খুব একটা দুশ্চিন্তা দেখছেন না।
তার ভাষায়, খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে—এটাই বড় বিষয়। চোট তো যেকোনো সময়ই আসতে পারে, আর বিশ্বকাপের সূচিও তার হাতে নেই। তিনি শুধু পেস বোলারদের দেখভালের দায়িত্বেই আছেন।