জাতীয় পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া লালমনিরহাট সরকারি কলেজের ৯ শিক্ষার্থী-ক্রীড়াবিদকে আর্থিক প্রণোদনা ও ক্রীড়া সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন। বুধবার (১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ প্রণোদনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দলের কোচ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের তরুণ ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছে, যা জেলার জন্য গর্বের বিষয়। তিনি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী খেলোয়াড়ের অগ্রযাত্রা থেমে যাবে না। জেলা প্রশাসন সব সময় সম্ভাবনাময় শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের পাশে থাকবে।
জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের এ ধরনের অংশগ্রহণ জেলার জন্য ইতিবাচক বার্তা বহন করে।
জানা গেছে, গত ১৯ থেকে ২৭ জুন অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ওয়াটার পোলো ও ক্যারমসহ বিভিন্ন ইভেন্টে লালমনিরহাট সরকারি কলেজের ৯ জন শিক্ষার্থী জেলা ও কলেজের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাতায়াত, আবাসন ও অন্যান্য ব্যয় নির্বাহে সহায়তার উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
প্রণোদনা পেয়ে শিক্ষার্থী-ক্রীড়াবিদরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের মাধ্যমে লালমনিরহাটের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। (প্রস বিজ্ঞপ্তি)