মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

১৫ মিনিটের বেশি খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি


প্রকাশ :

বিশ্বকাপের নকআউট পর্বে একটি ছোট ভুলও বিদায়ের কারণ হতে পারে। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে দলের সবচেয়ে বড় প্রশ্ন—নেইমার কি শুরুর একাদশে ফিরছেন? এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো ইঙ্গিত দেননি তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১৫ মিনিট খেলেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে তার খেলার সময় বাড়তে পারে, তবে শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা এখনও কম।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, "নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে তার উন্নতি হয়েছে অনেক। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশল সফল হয়েছে বলেও মন্তব্য করেন ব্রাজিল কোচ।

তিনি বলেন, "শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের পরিকল্পনা বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন বদল করা জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া গত দুই ম্যাচে এই কৌশল দারুণভাবে বাস্তবায়ন করেছে।"

জাপানকে হারাতে পারলে ব্রাজিল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। শেষ আটে উঠলে আগামী রোববার তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।