বিরাট কোহলি আবারও নিজের ব্যাটে প্রমাণ করলেন কেন তাকে আধুনিক ক্রিকেটের আসল পোস্টার বয় বলা হয়। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে তিনি ছুঁয়ে ফেললেন এক অনন্য উচ্চতা—ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এখন তার দখলে।
এই ইনিংসটি কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি। আর এখানেই ভেঙে গেল শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল শচীনের—৫১টি। কোহলি সেই সীমা পেরিয়ে নিজের জন্য নতুন মানদণ্ড তৈরি করলেন।
তালিকার দুই আর তিন নম্বরে এখনো শচীনই। টেস্টে তার সেঞ্চুরি ৫১টি, ওয়ানডেতে ৪৯টি। চারের স্থানে আছেন জ্যাক ক্যালিস, যার টেস্ট সেঞ্চুরি ৪৫টি।
রাঁচির ম্যাচে কোহলি আরও একটি কীর্তি যোগ করেছেন নিজের নামে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি এখন তার—মোট ছয়টি। শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নার ছিলেন পাঁচটি করে নিয়ে শীর্ষে।
১২০ বল খেলে ১৩৫ রানের ইনিংস। ১১টি চার আর ৭টি ছক্কায় সাজানো সেই ঝলমলে ব্যাটিং ভারতকে এনে দেয় শক্ত ভিত্তি। নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৮ উইকেটে ৩৪৯ রান। জবাবে লড়াই চালালেও ৩৩২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৭ রানের সুনিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।