সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সন্ধ্যার এই অনুষ্ঠানটি মূলত যুবরাজের সম্মানেই সাজানো হয়, আর অতিথির তালিকায় ছিল বিশ্বের নানা খাতের প্রভাবশালী নাম।
প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক এবং পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি ছিলেন অ্যাপলের সিইও টিম কুক, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং এবং মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো।
মাস্কের উপস্থিতি স্বাভাবিকভাবেই আলোচনায় আসে। কারণ, বছরের শুরুতে ট্রাম্পের সঙ্গে তার তিক্ত সম্পর্ক নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের দূরত্ব আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছিল। তাই নৈশভোজে মাস্কের অংশগ্রহণকে অনেকেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে—এমন ইঙ্গিত হিসেবে দেখছেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে এক স্মরণসভায় দুজনকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।
অন্যদিকে, রোনালদোর উপস্থিতিও ছিল নজরকাড়া। তিনি এখন সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন, যার মালিকানায় মূল ভূমিকা রাখে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। যুবরাজের সঙ্গে তার ক্লাব-সম্পর্কিত যোগাযোগের কারণে নৈশভোজে তার আমন্ত্রণকে স্বাভাবিক ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।