ভারতের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে আগামী ৬ অক্টোবর। তবে গোয়ালিয়রে অনুষ্ঠেয় এ ম্যাচ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। ওইদিন দিন শহরটিতে ‘বনধ’ (হরতাল) ডেকেছে তারা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির অন্যতম গণমাধ্যম দ্য হিন্দু তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর 'নিপীড়ন' করা হয়েছে বলে মনে করে অখিল ভারত হিন্দু মহাসভা। এর প্রতিবাদে ৬ অক্টোবর 'বনধ' ডেকেছে তারা।
এ বিষয়ে দলটির সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ সোমবার বলেছেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন 'গোয়ালিয়র বনধের' ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই 'বনধের' আওতামুক্ত থাকবে।
এদিকে কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরু হতে আর দুই দিন বাকি। এ ম্যাচ ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল দলটি। পরিস্থিতি সামলাতে কানপুরে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের পুলিশ। বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। ইতোমধ্যে সেখানে দলটির ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাই প্রথম টেস্টে ২৮০ রানে জিতেছে ভারত। কানপুরে দ্বিতীয় টেস্টের পর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।