ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ম্যাচের প্রায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখলেও শেষ পর্যন্ত তারা মাত্র ৯ রানে হারে। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার মধ্যেও মারিও শেফার্ড এবং শামার স্প্রিঙ্গারের ঝড়ো ব্যাটিং দলের জয়ের আশা তৈরি করেছিল। তাদের রেকর্ড গড়া জুটির ফলে দলের হারের ব্যবধান কমে আসে, কিন্তু শেষ পর্যন্ত জয় তাদের ভাগ্য হয়নি।
রোববার (৯ নভেম্বর) নেলসনের সাক্সটন ওভাল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ডেভন কনওয়ের ফিফটির সহায়তায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কিউইরা। কনওয়ে ৩৪ বলে ৫৬ রান করেন, যেখানে ৬টি চার ও ২টি ছক্কা ছিল। এছাড়া ড্যারিল মিচেল ২৪ বলে ৪১ রান এবং রাচিন রবীন্দ্র ১৫ বলে ২৬ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাথু ফোর্ড এবং জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর শেফার্ড ও স্প্রিঙ্গার মিলে ৭৮ রানের জুটি গড়ে। এটি টি-টোয়েন্টিতে নবম উইকেটে সর্বোচ্চ জুটি হিসেবে বিবেচিত হলো।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভার ৫ বলে ১৬৮ রানে অলআউট হয়। শেফার্ড ৩৪ বলে ৪৯ এবং স্প্রিঙ্গার ২০ বলে ৩৯ রান করেন। জ্যাকব ড্যাফি এবং ইশ শোধি ৩টি করে উইকেট নেন।