রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে বিরল ইতিহাস: এক ম্যাচে বাবা-ছেলের একসঙ্গে খেলা


প্রকাশ :

আন্তর্জাতিক ক্রিকেটে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে তিমুর লেস্তে। দেশটির হয়ে একই দলে খেলেছেন বাবা ও ছেলে—যা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথম।

৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার ৬ নভেম্বর বালিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর লেস্তের প্রথম আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে মাঠে নামেন। শুধু তাই নয়, ব্যাটিংয়েও তারা একসঙ্গে জুটি গড়েন—যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এর আগে নারী ক্রিকেটে মা-মেয়ের জুটি দেখা গিয়েছিল। সুইজারল্যান্ডের মেটি ফার্নান্দেস ও নেইনা মেটি সাজু চলতি বছর একসঙ্গে ছয়টি টি-টোয়েন্টি খেলেছিলেন।

পুরুষ ক্রিকেটেও পারিবারিক বন্ধনের কিছু দৃষ্টান্ত আছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাবার নেতৃত্বে খেলেছিলেন তেজনারাইন।

চলতি বছর আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটেও অনুরূপ এক ঘটনা ঘটে—একই ম্যাচে মুখোমুখি হন অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।

তবে আন্তর্জাতিক পর্যায়ে বাবা-ছেলের একসঙ্গে মাঠে নামা এই প্রথম, যা তিমুর লেস্তেকে এনে দিয়েছে এক অবিস্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত।