বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান চান তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটি হোক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যদিও গত এক বছরে বাংলাদেশের হয়ে মাঠে নামেননি তিনি, তবুও ক্রিকেটপ্রেমীদের সামনে নিজের শেষ মুহূর্তগুলো কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব।
ক্রিকবাজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘অবশ্যই চাই মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। এটা আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভক্ত-সমর্থকদের জন্য। যদি এমনটা হয়, তাহলে সেটাই হবে আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।’
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বহু রেকর্ডের মালিক এই অলরাউন্ডার জানান, এখন পর্যন্ত কোনো ফরম্যাট থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ওই ম্যাচের আগে তিনি টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে নাম উঠলেও, নানা জটিলতায় মাঠে নামা হয়নি তার।
নিজের ক্যারিয়ার নিয়ে সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘মানুষের ভাবনা তাদের নিজের। আমি এসব নিয়ে চিন্তা করি না। কে কী ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না।’
যদিও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি দীর্ঘদিন, তবু সাকিব নিয়মিতই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিচ্ছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), টি-টেন লিগসহ বিশ্বের নানা টুর্নামেন্টে খেলেছেন তিনি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব।
আটলান্টা ফায়ারের ব্যাটার সাগর প্যাটেল বলেন, ‘সে সব সময় হাসিখুশি ছিল, যেন একদম বাচ্চার মতো। খেলার প্রতি তার আনন্দটা সত্যিই দারুণ ছিল।’
উল্লেখ্য, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই রয়েছে সাকিবের এক অনন্য রেকর্ড। এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি তার দখলে। মিরপুরে ৮৯ ওয়ানডেতে ৪.০৮ ইকোনমি রেটে তিনি নিয়েছেন ১৩১ উইকেট—যেখানে তিনি পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকেও পেছনে ফেলেছেন। শারজায় ওয়াসিম আকরাম ৭৭ ম্যাচে নিয়েছিলেন ১২২ উইকেট।