ব্রাজিলিয়ান তারকা নেইমার ক্যারিয়ারের শেষ অধ্যায়ের আভাস দিলেন। ২০০৯ সালে সান্তোস-এর হয়ে যাত্রা শুরু করা এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি ফুটবলকে বিদায় জানাতে পারেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, টানা চোট ও ফিটনেস সমস্যাই তাকে এমন সিদ্ধান্ত ভাবতে বাধ্য করছে। সৌদি ক্লাব আল হিলাল থেকে গত বছর শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই চোটে ভুগছেন তিনি। ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন শেষে ফেব্রুয়ারিতে আবার মাঠে ফেরেন, তবে এখনো শতভাগ ফিট নন।
তবুও ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে লড়াই চালিয়ে যেতে চান নেইমার। যদিও ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে জাতীয় দলে খেলতে পারেননি, তবু কোচ কার্লো আনচেলত্তি তার জন্য দরজা খোলা রেখেছেন—শর্ত একটাই, পূর্ণ ফিটনেস।
নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার বলেন, ‘আগামী বছর কী হবে জানি না, তবে ডিসেম্বরের দিকে হয়তো অবসরের সিদ্ধান্ত নেব।’ তার ভাষায়, শেষ পর্যন্ত হৃদয়ের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। ইউরোপে বার্সেলোনা-র হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি পিএসজি-তেও জিতেছেন বহু শিরোপা। তিনটি বিশ্বকাপ খেলা এই তারকা এখন শেষবারের মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায়।