দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ও শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর আজম। ৪২২৩ রানসহ তাঁর রয়েছে ৩৬টি অর্ধশতক ও ৩টি শতক। তবে ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা এবং ‘নিজের জন্য খেলা’ অভিযোগে গত বছর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের পর আর এই ফরম্যাটে খেলেননি বাবর।
এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর থেকেই তাঁর দলে ফেরার গুঞ্জন জোরদার হয়। অবশেষে নির্বাচকরা ফের ভরসা রাখলেন প্রাক্তন অধিনায়ক বাবরের ওপর।
বাবরের সঙ্গে ফিরেছেন পেসার নাসিম শাহও, যিনি এশিয়া কাপের দলে ছিলেন না। যদিও অধিনায়কত্বে পরিবর্তন আসেনি—আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
নতুন মুখ হিসেবে দলে ঢুকেছেন অফ স্পিনার উসমান তারিক, যিনি সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২০ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে ফখর জামান ও হারিস রউফকে রিজার্ভে রাখা হয়েছে, আর মোহাম্মদ হারিস এবার বাদ পড়েছেন মূল দল থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর। রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে সবগুলো ম্যাচ। এরপর একই ভেন্যুতে ১৭ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
এছাড়া, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৬ সদস্যের ওয়ানডে দলও ঘোষণা করেছে। নেতৃত্বে পরিবর্তন না আসলেও এবার দলে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান, ফয়সাল আকরাম, হারিস রউফ ও হাসিবউল্লাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১১ থেকে ১৫ নভেম্বর, এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও খেলবে পাকিস্তান।