প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম কারসাজির অভিযোগে সাকিব আল হাসান এবং আরও ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাকিবসহ চার ব্যক্তি এবং তিনটি কোম্পানিকে মোট ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে সাকিব আল হাসানকে ৫০ লাখ, মো. আবুল খায়েরকে ২৫ লাখ, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, আবুল কালাম মাতব্বরকে ১০ লাখ, মনার্ক মার্টকে ১ লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীতে বিএসইসির ৯২৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।