তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রংপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম। রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বলেন, এই টুর্নামেন্ট রংপুর অঞ্চলের ক্রীড়াঙ্গনে নবযাত্রার সূচনা করবে এবং দেশের ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. হাসানুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানা এবং স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে. এম. রেইদওয়ানুল বারী জিয়ন প্রমুখ।
উল্লেখ্য, আট দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কিংসম্যান ও গাজীপুর ক্রিকেট একাডেমি।