রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

রোনালদো ছাড়াই ভারতে পৌঁছালো আল নাসর, ভক্তদের মধ্যে হতাশার ছায়া


প্রকাশ :

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ভারতের ক্লাব এফসি গোয়ার সঙ্গে মুখোমুখি হবে সৌদি আরবের দল আল নাসর। বুধবার (২২ অক্টোবর) মাঠে নামবে এই দুই দল। সোমবার (২০ অক্টোবর) রাতেই ভারত সফরে পৌঁছেছে আল নাসর, কিন্তু এই সফরে নেই দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সৌদি গণমাধ্যমের রিপোর্টে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে রোনালদোকে গোয়া ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় ভারতের ভক্তরা রোনালদোর উপস্থিতির আশা করছিলেন। এফসি গোয়া কর্তৃপক্ষও বহুবার অনুরোধ করেছিল রোনালদো যেন ম্যাচে অংশ নেন, কিন্তু সেটা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ ২-এ আল নাসর দু’টি ম্যাচ খেলেছে, কিন্তু রোনালদো কোনওটিতেই অংশ নেননি। তার চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন কোন ম্যাচ খেলবেন।

রোনালদো না থাকায় গোয়ায় ও ভারতের অন্যান্য স্থানে ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছিলেন, রোনালদোর আগমন ভারতের ফুটবল ভক্তদের জন্য এক বড় উচ্ছ্বাসের বিষয় হতো। তিনি বলেন, “রোনালদোর গোয়া সফরের খবর গোয়ায় নয়, দেশের সব জায়গার ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এটি আমাদের রাজ্যের জন্য গর্বের মুহূর্ত হতো।”

স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরও রোনালদো না আসায় ভক্তদের হতাশা কমানো যায়নি। তবে গোয়া এফসির কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, আল নাসর দলকে ভারত সরকার অতিথির মতোই স্বাগত জানাবে এবং তাদের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করা হবে।