আবারও প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো—বয়স কেবল সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত অর্থনৈতিক ও সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারের তালিকায় শীর্ষে রয়েছেন এই পর্তুগিজ তারকা।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদো কর ও এজেন্ট ফি বাদে চলতি মৌসুমে আয় করবেন প্রায় ২৮০ মিলিয়ন ডলার। এর মধ্যে ২৩০ মিলিয়ন ডলার মাঠের আয়, আর বাকি ৫০ মিলিয়ন ডলার মাঠের বাইরের বিভিন্ন চুক্তি থেকে আসবে।
এটাই প্রথম নয়—গত এক দশকে ষষ্ঠবারের মতো ফোর্বসের তালিকায় শীর্ষস্থান দখল করলেন সিআর৭।
দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন অধিনায়ক ও ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। তার মোট আয় ১৩০ মিলিয়ন ডলার, যার মধ্যে ৭০ মিলিয়ন এসেছে মাঠের বাইরে থেকে—ব্র্যান্ড ও স্পনসর চুক্তি থেকে।
তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা, মোট আয় ১০৪ মিলিয়ন ডলার। তার ঠিক নিচে আছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে, যার আয় ৯৫ মিলিয়ন ডলার।
তালিকার পঞ্চম স্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড, আয় ৮০ মিলিয়ন ডলার।
সবমিলিয়ে এই পাঁচ ফুটবলারের আয় দাঁড়ায় প্রায় ৫৮৫ মিলিয়ন ডলার—যা বিশ্ব ফুটবলে তারকাদের বিপুল অর্থনৈতিক প্রভাবের প্রমাণ দেয়।