বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। বিএনপি বিশ্বাস করে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফাইনালে পাটগ্রাম উপজেলা বিএনপি ও পাটগ্রাম পৌর বিএনপি মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় পাটগ্রাম পৌর বিএনপি ২–১ গোলে জয়লাভ করে।খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।