রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা


প্রকাশ :

সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। তবে আলোচিত এশিয়া কাপের বিষয়ে পরিষ্কার ঘোষণা এখনো আসেনি এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে। তিনি জানিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত বাকি রয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ এবং ইন্ডিয়া টুডে জানিয়েছে, এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে খেলবে এমন সম্ভাবনাই বেশি। এতে অন্তত দুইবার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, আর ফাইনালে পৌঁছালে দেখা যাবে তৃতীয় লড়াই।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এসিসির এক সূত্র জানিয়েছে, আসন্ন এশিয়া কাপ আয়োজন করবে ভারত, এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে ভারত। যদিও এখনও সূচি চূড়ান্ত হয়নি।

৮ দলের এই টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি সংস্করণে। ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকলে গ্রুপ পর্বের পর ‘সুপার সিক্স’ পর্যায়েও মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে। ফাইনালে পৌঁছালে তৃতীয়বার মুখোমুখি হবে দল দুটি, যা ক্রিকেটভক্তদের যেমন উত্তেজনায় ভাসাবে, তেমনি সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও বড় আয়ের সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, গত এপ্রিল-মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর এটি হতে যাচ্ছে দুই দেশের প্রথম মাঠের লড়াই। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অনুমতি নিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই।