লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো “জুলাই স্মৃতি হাডুডু প্রীতি ম্যাচ”। শনিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপাড় বাজার এলাকায় মানবতার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড় করেন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব হামিদুর রহমান এবং মানবতার সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা রোকন আহমেদসহ অনেকে।
প্রতিযোগিতায় কাশিপুর দল ও ইন্দ্রারপাড় দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ছাত্র-জনতা ও সব বয়সী দর্শকরা। খেলা শেষে সন্ধ্যায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।