রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

শেষ মুহূর্তের গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ


প্রকাশ :

বহুল প্রতীক্ষিত দিন আজ। এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হলো কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমের। অভিষেকেই মূল একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। তার জায়গা করে দিতে এবার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়ার।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখা যায় বাংলাদেশ দলকে। আক্রমণাত্মক মনোভাব ছিল স্পষ্ট, কিন্তু গোলের দেখা মেলেনি। ম্যাচের ৫ মিনিটেই রাকিব হোসেনকে ফাউল করলেও রেফারির বাঁশি না বাজায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। ৯ মিনিটে সিঙ্গাপুর একটি নিশ্চিত সুযোগ নষ্ট করে। হ্যারিস স্টুয়ার্টের লং থ্রো থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন সং উই ইয়ং।

বাংলাদেশও গোলের জন্য চেষ্টা চালায়। ১৫ মিনিটে শাকিল আহাদের পাসে রাকিব শট নিলেও তা সহজেই ধরে ফেলেন সিঙ্গাপুরের গোলরক্ষক। ২৪ মিনিটে ফাহমিদুল ইসলাম ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন। এরপর ২৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তবে কিছুক্ষণ পর তিনি আবার মাঠে ফেরেন।

৩১ মিনিটে দুর্দান্ত একটি সেভে দলকে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মারমা। বাঁ পাশ থেকে নেওয়া ইখসান ফান্দির শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান তিনি।

ভুটান ম্যাচের একাদশ থেকে এসেছে তিনটি পরিবর্তন। সোহেল রানার জায়গায় মিডফিল্ডে এসেছেন মোহাম্মদ হৃদয়। রক্ষণভাগে তাজ উদ্দিনের পরিবর্তে শাকিল আহাদ তপু ফিরেছেন একাদশে। কাবরেরা সম্ভবত ৪-২-৩-১ ফরমেশনেই দল সাজিয়েছেন।

২৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইসা ফয়সাল, মজিবর রহমান জনি ও মোহাম্মদ ইব্রাহিম।

বাংলাদেশ একাদশ:

মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

সিঙ্গাপুর একাদশ:

ইজওয়ান মাহবুব, আমিরুল আদলি, জর্ডান এমাভিউয়ে, রায়হান স্টুয়ার্ট, সাফুয়ান বাহারুদিন, শাহ শাহিরান, হারিস হারুন, হামি শিয়াহিন, সং উই ইয়ং, হ্যারিস স্টুয়ার্ট, ইখসান ফান্দি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে গোল করে লিড নেয় সিঙ্গাপুর। ফলে বিরতিতে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ।