রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

হামজাকে নিয়ে শুরু হলো ফুটবলের নতুন যাত্রা


প্রকাশ :

শুধু বড় মাপের ফুটবলারই নয়, হামজা দেওয়ান চৌধুরী যেন মানুষ হিসেবেও অন্যরকম। বসুন্ধরা কিংসের মাঠে প্রথম অনুশীলন করলেন হামজা। ইংলিশ লিগে খেলা এই ফুটবলার কাল বাংলাদেশের অনুশীলন জার্সি গায়ে মাঠে নামার পর দেখে মনে হচ্ছিল না তিনি এবারই প্রথম জামাল ভুঁইয়া, ফাহিম, রহমত মিয়াদের সঙ্গে অনুশীলন করলেন। দেখে মনে হচ্ছিল যেন তাদের মধ্যে অনেক দিনের চেনা। দেশের ফুটবলে একজন বড় মাপের খেলোয়াড় যোগ হয়েছেন। 

বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য চলে এসেছেন। কোনো চাওয়া নেই। ক্লান্তি নেই। সবার সঙ্গে হাসিমুখে কথা বলে যাচ্ছেন বিরামহীনভাবে। মাঠে ফ্লাড লাইটের অনুশীলনে দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা যেন একেবারে নির্ভার। হামজাকে নিয়ে কোচ কোচিং স্টাফ যেভাবে দেখাচ্ছিলেন, হামজা যেন অনুগত ছাত্রের মতো সেভাবেই কাজটি করে যাচ্ছেন। কিংসের মাঠে অনুশীলন দেখার খুব সুযোগ ছিল না। সাধারণ দর্শক এসেছিলেন বিশেষ মাধ্যমে। হামজা মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে সমর্থকরা উল্লাসধ্বনি দেয়। হামজা বল পেলেই চিৎকার দেন সবাই। হামজা বল শট করলেই হাততালিতে ফেটে পড়েন সবাই। হামজার অনুশীলন যেন ব্রাজিলের অনুশীলনের কথা স্মরণ করিয়ে দেয়। 

বিশ্বকাপ ফুটবল কাভার করতে গিয়ে ব্রাজিলের অনুশীলনে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে দেখা গেছে নেইমারকে ঘিরেই সব আলোচনা। নেইমারকে ঘিরেই সব সংবাদমাধ্যমের আনুষ্ঠানিকতা। ঠিক গতকালও সেই ছবিটি দেখা গেল। হামজাকে নিয়েই সব আলোচনা। কোচ হ্যাভিয়ের কাবরেরা একটা বৃত্ত তৈরি করে দিলেন। সেখানে বল নিয়ে ছুটে গিয়ে গোল করতে হবে। 

প্রত্যেক বারই সেটা দারুণভাবে করছিলেন হামজা। সব ফুটবলারকে নিয়ে বৃত্ত তৈরি করলেন। চোর চোর খেলবেন। হামজার পায়ের কাজ মুগ্ধ করেছে। হামজার অনুশীলন দেখতে সিরিয়াস ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনিও মাঠে ছিলেন। গিয়েছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, ছাইদ হাসান কানন, সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন। 

হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরীও গিয়েছিলেন মাঠে। তার সঙ্গে ছিলেন তিন সন্তান। হামজার ব্যবহার অসাধারণ। তার ব্যবহারে মুগ্ধ মানুষ। কারো কথায় কোনো বিরক্তি নেই। হামজার প্রসঙ্গটা তুলতে তার মা রাফিয়া চৌধুরীর চোখে জল। ছেলের কথা বলতে রাফিয়া চৌধুরী বলছিলেন, 'আমি সব সময় একটা কথা হামজাকে বলেছি, তুমি ফুটবল খেলোয়াড় হতে পারো। বড় খেলোয়াড় হতে পারো, কিন্তু তুমি একজন মানুষ। মানুষ হিসেবে তোমার ঐতিহ্য ভুলে যেও না।' 

তিনি বলেন, 'আমি তাকে সঠিক শিক্ষা দিতে চেষ্টা করেছি। আপনারা দেখবেন হামজা নিজের গ্রামের বাড়ি গিয়েও সে সবার সঙ্গে মিশেছে। গ্রামের মানুষের সঙ্গে মিশেছে।' হামজার পরিবার, বাবা-মা সবাই ভারতে যাবে ফুটবল খেলা দেখতে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের খেলা ভারতের বিপক্ষে। শিলংয়ের উদ্দেশে বিমান যোগে আজ সকালে রওনা হয়েছে বাংলাদেশ।