শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের তেলে ঝুঁকছে তুরস্ক


প্রকাশ : (১ দিন আগে)
রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের তেলে ঝুঁকছে তুরস্ক

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলায় সরবরাহে বিঘ্ন ঘটায় জ্বালানি আমদানির উৎসে পরিবর্তন আনছে তুরস্ক। রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি আমদানি বাড়িয়েছে দেশটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুর্কি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত জুনে তুরস্কের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ওই মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল আমদানি করেছে তুরস্ক। একই সময়ে রাশিয়া থেকে আমদানি করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছিল তুরস্ক। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎসের দিকে ঝুঁকছে আঙ্কারা।

অপরিশোধিত তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ডিজেল আমদানিও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তুরস্ক। এর ফলে রাশিয়া থেকে দেশটির জ্বালানি আমদানির পরিমাণ আগের তুলনায় কমেছে।

জ্বালানি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, আগস্ট থেকে তুরস্ক প্রতিদিন ভারত থেকে ১ লাখ ২০ হাজার ব্যারেলের বেশি এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯০ হাজার ব্যারেল ডিজেল আমদানি করেছে।

কেপলারের তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের ডিজেল আমদানির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দৈনিক পরিমাণ। ফলে জ্বালানি সরবরাহে রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে তুরস্কের ঝুঁকে পড়ার প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

বিজ্ঞাপন