বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাশিয়ার হামলায় কিয়েভে ৯ জন নিহত, আহত ১৪


প্রকাশ : (২২ ঘন্টা আগে)
রাশিয়ার হামলায় কিয়েভে ৯ জন নিহত, আহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর থেকে চালানো এসব হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ শহরে নিহত আটজনের মধ্যে তিনজন শিশু। হামলার পর বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়লে জরুরি বিভাগের কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিয়েভ অঞ্চলের বরিসপিল শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারের হামলা ছিল কিয়েভে টানা ষষ্ঠ দিনের রুশ হামলা। ভোরে ইউক্রেনের অধিকাংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়। নিয়মিত হামলার কারণে রাজধানী ও আশপাশের এলাকায় লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

কিয়েভের দাবি, সীমান্তবর্তী এলাকা ছাড়াও রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। মঙ্গলবারের হামলার প্রভাবে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রোমানিয়ার মধ্যকার একটি সীমান্ত পারাপারও বন্ধ হয়ে যায়।

রাশিয়াতেও ড্রোন হামলা

এদিকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর উস্ত-লুগায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়। একই সময়ে রাজধানী মস্কোর আকাশে ড্রোন প্রতিহত করার চেষ্টা চালানো হয়।

রাশিয়ার সামারা অঞ্চলেও ড্রোন হামলায় কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি বড় তেল শোধনাগার রয়েছে। এলাকাটি মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

তবে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির এসব তথ্য রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

শান্তি আলোচনার উদ্যোগ

যুদ্ধের মধ্যেই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে। শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে তাদের ইউক্রেন সফরের তারিখ চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মানবতার স্বার্থে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। জবাবে পুতিন বলেন, মস্কো শান্তির পথেই এগিয়ে যাচ্ছে।

এদিকে যুদ্ধের প্রভাব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেও পড়েছে। রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলো সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আকাশসীমা নজরদারি জোরদার করেছে। ড্রোন তৎপরতার মধ্যে লাটভিয়ায় ন্যাটোর বাল্টিক আকাশ নজরদারি মিশনের যুদ্ধবিমান সক্রিয় করা হয়েছে।

রাশিয়ার কাছাকাছি এলাকায় ফিনল্যান্ডও আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা দেশটিতে বিমান হামলার সতর্কতা জারির পর ন্যাটোর দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন