শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের সংঘর্ষ, নিরাপত্তায় ইন্টারনেট ও মেট্রোতে বিধিনিষেধ


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের সংঘর্ষ, নিরাপত্তায় ইন্টারনেট ও মেট্রোতে বিধিনিষেধ

ভারতের রাজধানী দিল্লিতে চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের মূল সমাবেশ শান্তিপূর্ণ থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের পাশাপাশি কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি আরও অবনতি ঘটে।

দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পার্ক হোটেল সংলগ্ন এলাকায় এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগও করেছে পুলিশ।

পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। লাউডস্পিকারের মাধ্যমে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় এবং সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যন্তর মন্তর সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পুলিশ আটক করে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখায় সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।

ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন