মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ওমরাহ ভিসা আবেদন গ্রহণ শুরু করল সৌদি আরব


প্রকাশ :

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মে থেকে নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনে আগ্রহী মুসল্লিরা এখন সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ওমরাহ পালনকারীরা সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।

সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে ওমরাহ সংক্রান্ত বিভিন্ন সেবা, বুকিং ও প্রয়োজনীয় অনুমোদন সহজে পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। এছাড়া ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় হজ ও ওমরাহ সেবার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোডভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণ।

কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুমে আধুনিক ও সহজতর সেবার মাধ্যমে আরও বেশি সংখ্যক মুসল্লি নির্বিঘ্নে ওমরাহ পালনের সুযোগ পাবেন।