আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে বৈশ্বিক তেলবাজারে চাপ বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়ার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘটনায় ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। ফলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।
এর আগে গত মাসের শেষ দিকে সংঘাত বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি উঠে যায়। পরে কূটনৈতিক তৎপরতা বাড়ায় বাজার কিছুটা স্থিতিশীল হয় এবং সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯৭ ডলারে নেমে আসে।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এইচএফআই রিসার্চ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তেলের বাজার এমন এক সংকটময় অবস্থায় পৌঁছেছে, যেখান থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন হতে পারে।
বিশ্লেষকদের ভাষ্য, কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেলের মজুত কমে এসেছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমকে কেন্দ্র করে পরিবহন খাতে জ্বালানির চাহিদা বাড়তে পারে, যা বাজারে আরও চাপ সৃষ্টি করবে।
সূত্র: The Guardian