পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরে গোপনে বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবে আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে। চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় ইউএই বেশি হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই অভিযান চালানো হয়। অভিযানের অন্যতম লক্ষ্য ছিল পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার। এপ্রিলের শুরুতে সেখানে হামলার ঘটনা ঘটলেও তখন ইরান হামলাকারী দেশের নাম প্রকাশ করেনি।
এরপর প্রতিক্রিয়াস্বরূপ ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুদ্ধবিরতির আগ পর্যন্ত আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো প্রায় নিয়মিত হামলার মুখে ছিল।
বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরে সরাসরি হামলার ঘটনা প্রকাশ্যে আসায় পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। এর আগে আমিরাত প্রকাশ্যে এ ধরনের সামরিক পদক্ষেপ নেয়নি।
এদিকে গোপন হামলার তথ্য প্রকাশ পাওয়ার পর অঞ্চলজুড়ে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: ফার্স্ট পোস্ট