সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কাঠমান্ডুতে অবতরণের সময় বিমানে আগুন


প্রকাশ :

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বিমানের চাকায় আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বিমানের সব আরোহী নিরাপদে বেরিয়ে আসেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ একাধিক সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের ‘টিকে-৭২৬’ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুতে পৌঁছানোর পর রানওয়েতে অবতরণের সময় হঠাৎ বিমানের চাকায় আগুন ধরে যায়।

ঘটনার পরপরই বিমানবন্দরের দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানে থাকা ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রুসহ মোট ২৮৯ জন আরোহীকে অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, কী কারণে বিমানের চাকায় আগুন লাগে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করা হচ্ছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি হিসেবে পরিচিত। পাহাড়বেষ্টিত এলাকায় অবস্থিত এই ‘টেবল টপ’ বিমানবন্দরে বিমান ওঠানামায় পাইলটদের বাড়তি সতর্কতা ও দক্ষতার প্রয়োজন হয়। অতীতেও এখানে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

আজকের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ও কারিগরি সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়লে বিমানের ভেতরে আতঙ্ক সৃষ্টি হলেও বিমানকর্মীদের সহায়তায় যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হন।

নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

সূত্র: আল জাজিরা।