সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়


প্রকাশ :

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয়। দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্ট্রি কাঝাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুতে ডিএমকে বা এআইএডিএমকের বাইরে কোনো দলের নেতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন। ফলে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে গত কয়েকদিন ধরে জোর রাজনৈতিক তৎপরতা চালান তিনি। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন দলের সমর্থন নিশ্চিত করার পর শেষ পর্যন্ত সরকার গঠনের পথ সুগম হয়।

রাজ্যপালের কাছে জমা দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, তার দলের পাশাপাশি কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআইএম ও আইইউএমএলের কয়েকজন বিধায়ক তাকে সমর্থন দিয়েছেন। সব মিলিয়ে তার জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেসই প্রথম বিজয়কে সমর্থন জানিয়েছিল।

বিজয়ের শপথকে ঘিরে সমর্থকদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। অনেকেই এটিকে তামিল রাজনীতির ‘নতুন অধ্যায়’ হিসেবে অভিহিত করছেন।

শপথ নেওয়ার পর আগামী ১৩ মে’র মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে। পাশাপাশি শিগগিরই নতুন মন্ত্রিসভা ও সরকারের কর্মপরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।