সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মোদির ‘দুর্নীতিবাজ’ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু


প্রকাশ :

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফের আলোচনায় উঠে এসেছে শুভেন্দু অধিকারীর অতীতের একটি বিতর্কিত অধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে নারদ কাণ্ডের সেই পুরোনো ভিডিও, যেখানে তাকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

ভিডিওটি প্রকাশ করেছিল নারদ নিউজ। সেখানে শুভেন্দু অধিকারীসহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে গোপন ক্যামেরায় টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েক লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের অভিযোগ সামনে আসে।

২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই ভিডিওকে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল বিজেপি। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনী প্রচারণায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। বিরোধীরা এখন প্রশ্ন তুলছে, যাকে একসময় দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল, তাকেই এখন মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে বিজেপি।

সমালোচকদের দাবি, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর দলটির বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওই ভিডিও সরিয়ে ফেলা হয়। এছাড়া নারদ কাণ্ডে তৃণমূলের কয়েকজন নেতা গ্রেফতার হলেও শুভেন্দু অধিকারীকে কখনও গ্রেফতার করা হয়নি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর তৎপরতাও তার ক্ষেত্রে অনেকটাই শিথিল হয়ে যায়।

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান শুরু হয় তৃণমূল কংগ্রেসের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দ্রুত রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে তিনি রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন। জমি অধিগ্রহণবিরোধী সেই আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেয় এবং শুভেন্দু অধিকারী আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন।

পরবর্তীতে ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন ও সেচ দপ্তরের দায়িত্ব পান। তবে সময়ের সঙ্গে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে।

অবশেষে ২০২০ সালের ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোচনায় আসেন তিনি।

সর্বশেষ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ হিসেবে লড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। তবে দায়িত্ব গ্রহণের পরপরই নারদ কাণ্ডের পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা ও আদর্শের প্রশ্ন আবারও সামনে এসেছে।