সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, চুক্তিহীন ভ্যান্স ফিরছেন


প্রকাশ :

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টানা দীর্ঘ আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে চুক্তিহীনভাবেই পাকিস্তান ত্যাগ করে ওয়াশিংটনের পথে ফিরছে মার্কিন প্রতিনিধি দল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো গ্রহণ না করায় আলোচনা অচল হয়ে পড়ে। তিনি বলেন, পাকিস্তানের আতিথেয়তায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গঠনমূলক সংলাপ হয়েছে, তবে শেষ পর্যন্ত তা সফল হয়নি।

ভ্যান্স স্পষ্ট করেন, আলোচনার ব্যর্থতার জন্য আয়োজক দেশ পাকিস্তান দায়ী নয়। তার ভাষায়, পাকিস্তান দুই পক্ষের মধ্যে দূরত্ব কমাতে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পরিবেশ ছিল ইতিবাচক। তবুও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য না হওয়ায় কোনো চুক্তি সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের কাছ থেকে এমন একটি স্পষ্ট প্রতিশ্রুতি আদায় করা, যাতে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সে ধরনের সক্ষমতা অর্জনের পথেও এগোবে না। তবে এ বিষয়ে ইরানের কাছ থেকে সন্তোষজনক নিশ্চয়তা পাওয়া যায়নি।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ভ্যান্স উল্লেখ করেন, অতীতে তাদের কিছু স্থাপনা ধ্বংস করা হলেও দীর্ঘমেয়াদে অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার বিষয়ে নির্ভরযোগ্য অঙ্গীকার এখনো পাওয়া যায়নি।

আলোচনায় যুক্তরাষ্ট্র নমনীয় অবস্থান নিয়েছিল বলেও দাবি করেন তিনি। বলেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা একটি চূড়ান্ত প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেয় এবং সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালায়। তবে ইরান সেই প্রস্তাব গ্রহণে রাজি হয়নি।

উল্লেখ্য, পুরো আলোচনা চলাকালে মার্কিন প্রতিনিধি দলটি নিয়মিতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রাখে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব পুনর্বিবেচনা করে কি না।