মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, টানা কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েতেও ইরানি বাহিনী অতর্কিত হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ রাতে কুয়েতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা হয়।
কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানানো হলেও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি।
এদিকে কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে অবস্থিত তাদের প্রশাসনিক কমপ্লেক্সও একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ হামলাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলার ফলে শুয়েক শিল্প এলাকার একটি জ্বালানি কমপ্লেক্সে আগুন ধরে যায়। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এসব হামলায় হতাহতের কোনো তথ্য এখনো প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটছে। এতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও স্থাপনায় হামলা জোরদার করেছে। শুরুতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালেও বর্তমানে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে দেশটি।