সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানে স্বাস্থ্যসেবা স্থাপনায় ২০টির বেশি হামলা, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সতর্কতা


প্রকাশ :

ইরানে চলমান সংঘাতের মধ্যে দেশটির স্বাস্থ্যসেবা খাতে ২০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস এসব হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন।

তেহরানের ঐতিহ্যবাহী গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউটে হামলার পর পরিস্থিতি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান। তার মতে, একাধিক স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, পাস্তুর ইনস্টিটিউটের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। সেখানে টিকা ও সিরাম উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ছবি প্রকাশ করেছেন। ডব্লিউএইচও জানিয়েছে, দেলারাম সিনা মানসিক হাসপাতাল ও তোফিঘ দারু ফার্মাসিউটিক্যাল কারখানাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এসব স্থানে হতাহতের তথ্য নেই।

খুজেস্তান প্রদেশে ইমাম আলি হাসপাতালের কাছে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালটি খালি করে দিতে হয় এবং সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ডব্লিউএইচও প্রধান জানান, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন সদস্য রয়েছেন।

অন্যদিকে, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একটি লেজার ও প্লাজমা গবেষণা কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের একটি গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যাতে ত্রাণবাহী যানবাহন ও সরঞ্জাম ধ্বংস হয়েছে।

মানবিক সংস্থাগুলো বলছে, চলমান সংঘাতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা জোর দিয়ে বলছে, অ্যাম্বুলেন্স, ত্রাণসামগ্রী ও স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোকে অবশ্যই সুরক্ষার আওতায় রাখতে হবে।

উল্লেখ্য, জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সুরক্ষিত হিসেবে বিবেচিত এবং এসব স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সূত্র: আল জাজিরা