ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ঘিরে চলমান জল্পনা-কল্পনার মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কারণেই জনসমক্ষে আসছেন না।
সাম্প্রতিক সময়ে মোজতবা খামেনির প্রকাশ্যে অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে—তিনি আদৌ জীবিত কিনা কিংবা কোথায় অবস্থান করছেন, তা নিয়েও ছড়ায় নানা গুঞ্জন। তবে এসব জল্পনা নাকচ করে ইরান বলছে, পরিস্থিতির প্রেক্ষাপটে তার আড়ালে থাকা স্বাভাবিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরও মোজতবা খামেনি অক্ষত রয়েছেন। যুদ্ধকালীন বাস্তবতায় দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকাশ্যে না আসা অস্বাভাবিক কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলেক্সাই দেদভও একই ধরনের তথ্য দেন। তিনি জানান, মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন এবং নিরাপত্তাজনিত কারণেই জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এরপর থেকেই দেশের নেতৃত্বে আসেন মোজতবা খামেনি।