ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় একটি মন্দিরে পূজা দিতে গিয়ে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত আটজন নারী পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নালন্দার বিহার শরিফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের মাঘরা গ্রামের শীতলাষ্টমী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার উপলক্ষে দেবী শীতলার পূজা দিতে সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত ভিড় সামাল দিতে না পারায় হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে, এতে পদদলনের ঘটনা ঘটে। মন্দিরে ব্যারিকেড থাকলেও বিপুল জনসমাগমের কারণে তা কার্যকর হয়নি।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা লোকজন প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চালান।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে মোট ৬ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
ঘটনার পর মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।