ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার সকালে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। চলমান সংঘাতের মধ্যে এটিকে তাদের তৃতীয় হামলা বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এক বিবৃতিতে হুতিরা জানায়, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে তারা এই অভিযান চালিয়েছে। তাদের দাবি, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে।
ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবানন, ইরান, ইরাক, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। হামলার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের পক্ষ থেকে এ দাবি আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান