সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর ধারাবাহিক রকেট হামলা


প্রকাশ :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় একাধিক স্থানে আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা নির্ভুল হামলা পরিচালনা করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হাইফার দক্ষিণে অবস্থিত ‘মিশমার আল-কারমেল’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ভোর সাড়ে ৪টার দিকে একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া দক্ষিণ লেবাননের আল-আদাইসা এলাকার খানুক অঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর সকাল ৮টা ১৫ ও ৮টা ২০ মিনিটে পরপর দুটি রকেট হামলা চালানো হয়।

এর আগে সকাল ৬টার দিকে আভিভিম এলাকায় এবং পরে কিরিয়াত শমোনা ও আল মালিকিয়া অঞ্চলেও ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়।

হিজবুল্লাহর দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এই ধারাবাহিক হামলার ফলে উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দেশটির সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-লেবানন সীমান্ত বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম অস্থিতিশীল অঞ্চলে পরিণত হয়েছে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হিজবুল্লাহর এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কী ধরনের ব্যবস্থা নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রাখা হচ্ছে। সীমান্তে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা