দেশের ভেতরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাশিয়া। এ বিষয়ে প্রয়োজনীয় খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
শুক্রবার (২৭ মার্চ) রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম তাস জানায়, প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
সরকারি সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপপ্রধানমন্ত্রী নোভাক জানান, আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের ভেতরে সরবরাহ নিশ্চিত করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রাশিয়া সরকারের মতে, দেশে তেল পরিশোধনের পরিমাণ স্থিতিশীল রয়েছে এবং গত বছরের তুলনায় বড় কোনো পরিবর্তন হয়নি। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সমস্যা হওয়ার কথা নয়।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনের হামলায় কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার কিছু অঞ্চলে পেট্রোল সংকট দেখা দিয়েছিল। সেই সঙ্গে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে এর আগেও একাধিকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি সীমিত বা বন্ধ করেছিল মস্কো।