ইরাকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নতুন সতর্কতা জারি করেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের বিভিন্ন এলাকায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা বেড়েছে। এমনকি তুলনামূলক নিরাপদ হিসেবে পরিচিত কুর্দিস্তান অঞ্চলও এই হামলার বাইরে নেই।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বাগদাদে অবস্থিত দূতাবাস ও ইরবিলে কনস্যুলেট জেনারেলে অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে।