শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

সৌদি-ইরান উত্তেজনায় পাকিস্তানের ‘পারমাণবিক ছাতা’


প্রকাশ :

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে পাকিস্তানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় হতে পারে—এমন মন্তব্য সামনে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির কারণে রিয়াদ প্রয়োজনে ইসলামাবাদের সামরিক, এমনকি কৌশলগত সক্ষমতার ওপরও নির্ভর করতে পারে।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি ভূ-রাজনৈতিক বিশ্লেষক সালমান আল-আনসারি বলেন, সৌদি আরব পূর্ণমাত্রার সংঘাতে জড়ালে ইরান বড় ধরনের চাপে পড়বে। কারণ, তখন পাকিস্তানের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সমঝোতা কার্যকর হতে পারে। তার ভাষায়, সৌদি আরবের ওপর এক ধরনের ‘পারমাণবিক সুরক্ষা বলয়’ রয়েছে, যা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই গড়ে উঠেছে।


জানা যায়, গত বছর কাতারের দোহায় হামাস সংশ্লিষ্ট ঘটনায় উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির কাঠামো অনেকটা ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে তৈরি, যেখানে এক দেশের ওপর হামলাকে উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। সে অনুযায়ী, বড় ধরনের আক্রমণের ক্ষেত্রে পাকিস্তান সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকতে পারে।


বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়িয়েছে। বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় সৌদি আরবের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তির বিষয়টি উল্লেখ করেছেন বলে জানা গেছে। এর মাধ্যমে তেহরানকে বার্তা দেওয়া হয়েছে যে, রিয়াদের নিরাপত্তা প্রশ্নে ইসলামাবাদ গুরুত্ব দেবে।

অন্যদিকে, ইরানও চেয়েছে সৌদি ভূখণ্ড ব্যবহার করে তাদের বিরুদ্ধে কোনো হামলা চালানো না হয়—এমন নিশ্চয়তা। এরই মধ্যে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। যদিও বিকল্প পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব আংশিক রপ্তানি চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্কের এই দিকটি ইরান ইস্যুকে আরও জটিল করে তুলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা বৃহত্তর আঞ্চলিক কিংবা বৈশ্বিক সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র: মিডল ইস্ট আই