শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে আতঙ্ক


প্রকাশ :

ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষ পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ।

বুধবার (১৮ মার্চ) ভোরের দিকে তেল আবিব ও আশপাশের এলাকায় একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে।

পুলিশের এক মুখপাত্র জানান, বিভিন্ন স্থানে যুদ্ধাস্ত্রের অবশিষ্টাংশ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো নিরাপদে সরাতে বিশেষজ্ঞ দল কাজ করছে। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জরুরি সেবা সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক এলাকার সড়কে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং পাশের একটি গাড়িতে আগুন জ্বলছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে একই দিনে ভোরে ইরানের আরেক দফা হামলায় মধ্য ইসরায়েলে দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত আসছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও ধ্বংসাবশেষ জনবসতিপূর্ণ এলাকায় পড়ায় উদ্বেগ বাড়ছে।

বর্তমানে তেল আবিবসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: সিএনএন