শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

আমিরাতে ঈদের নামাজ কেবল মসজিদে, ঈদগাহে জামাত নয়


প্রকাশ :

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ এবার দেশের সব মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হবে। খোলা মাঠ বা ঐতিহ্যবাহী ঈদগাহে কোনো জামাতের আয়োজন রাখা হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাত বুধবার (১৮ মার্চ) এক ঘোষণায় জানায়, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি সাতটি আমিরাত জুড়েই সমানভাবে কার্যকর থাকবে।

সাধারণত ঈদুল ফিতরে বড় পরিসরে খোলা জায়গায় জামাত আয়োজনের প্রচলন থাকলেও এবারের পরিস্থিতিতে সেই ধারা থেকে সরে এসেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানেই সুষ্ঠুভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মসজিদে আগতদের নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং সবার নিরাপত্তা নিশ্চিত থাকে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুসল্লিদের বিভ্রান্তি এড়াতে স্থানীয় গণমাধ্যম ও সরকারি প্ল্যাটফর্মে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে স্বেচ্ছাসেবকও মোতায়েন করা হবে।

এই সিদ্ধান্তে প্রবাসীসহ বিভিন্ন মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকে এটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপনের দিন নির্ধারিত হলে এই নির্দেশনা অনুযায়ীই দেশজুড়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

সূত্র: গালফ নিউজ