সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টার মধ্যে ৩৭টি ড্রোন ছুটে এসেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে, যা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে, তা এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে সৌদিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি সাংবাদিকদের জানিয়েছেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোর ওপর হামলার জন্য ইরান দায়ী নয়। তিনি বলেন, যদি ইরান এই ধরনের কোনো হামলা চালাত, তা অবশ্যই প্রকাশিত হতো।
তবে রাষ্ট্রদূতের এই বক্তব্যের পরেই দেশটির পূর্বাঞ্চলে ৯০ মিনিটের মধ্যে ৩৭টি ড্রোন ধেয়ে আসে।
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানের ঘটনা চলছেই। সোমবার (১৬ মার্চ) পর্যন্ত এই সংঘাত ১৭ দিন ধরে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। ইরানও জানিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং নিজেদের আত্মরক্ষার অধিকার অটুট থাকবে।
ইরানের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তেহরান হামলা চালিয়ে যাচ্ছে।