মধ্যপ্রাচ্যে চলমান ইরানকে ঘিরে উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাইয়ে পরিত্যক্ত পোষা প্রাণীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থার তথ্য অনুযায়ী, অনেক বিদেশি বাসিন্দা দ্রুত দেশ ছাড়ায় তাদের পোষা কুকুর-বিড়াল অসহায় অবস্থায় রাস্তায় বা আশ্রয়কেন্দ্রে পড়ে থাকছে।
প্রাণী সুরক্ষা সংস্থা আরএসপিসিএ জানিয়েছে, যুদ্ধের অনিশ্চয়তার কারণে বহু মানুষ তড়িঘড়ি করে দেশ ত্যাগ করছেন। এতে করে অনেক পোষা প্রাণী মালিকহীন হয়ে পড়ছে এবং তারাই এই পরিস্থিতির নীরব ভুক্তভোগী হয়ে উঠেছে।
খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাজ্য সরকার মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে জরুরি ফ্লাইট পরিচালনা করেছে। ১ মার্চের পর থেকে প্রায় ৪৫ হাজার ব্রিটিশ নাগরিক ওই অঞ্চল ত্যাগ করেছেন বলে জানা গেছে।
আরএসপিসিএর ব্ল্যাকপুল ও নর্থ ল্যাঙ্কাশায়ার শাখার প্রধান নির্বাহী হান্না মেইন্ডস জানান, তিনি আগে দুবাইয়ে বসবাস করতেন এবং সেসময় এমন অনেক পোষা প্রাণীর দেখভাল করেছেন, যাদের মালিকরা হঠাৎ করে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। অনেক প্রাণীর শরীরে মাইক্রোচিপ থাকায় বোঝা যায়, একসময় তারা পরিবারের প্রিয় সদস্য ছিল। কিন্তু মালিকের অনুপস্থিতিতে তারা এখন অসহায় হয়ে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পশু আশ্রয়কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশ ছাড়তে থাকা মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত প্রাণীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
পরিত্যক্ত কুকুর উদ্ধারকারী সংস্থা কে–৯ ফ্রেন্ডস বলছে, অনেক মানুষ অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির কারণে পোষা প্রাণী রেখে যেতে বাধ্য হচ্ছেন। সংস্থাটি উদ্ধার হওয়া নতুন কুকুরের পাশাপাশি আগে থেকেই আশ্রয়ে থাকা প্রাণীগুলোর যত্ন নিচ্ছে।
অন্যদিকে বিড়াল উদ্ধারকারী সংগঠন দুবাই স্ট্রিট কিটিস জানিয়েছে, প্রতিদিনই আহত বা পরিত্যক্ত বিড়াল উদ্ধারের অনুরোধ পাচ্ছে তারা। আশ্রয়কেন্দ্রের প্রায় সব জায়গা পূর্ণ হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
এছাড়া ‘দ্য সিক্স হাউন্টস’ নামের আরেকটি আশ্রয়কেন্দ্র জানিয়েছে, প্রতিদিনই নতুন করে সাহায্যের আবেদন আসছে। তবে কর্মী, অর্থ ও জায়গার সীমাবদ্ধতার কারণে তারা প্রচণ্ড চাপের মধ্যে কাজ করছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় দুবাই মিউনিসিপ্যালিটি শহরের বিভিন্ন স্থানে ১২টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পশুখাদ্য সরবরাহ কেন্দ্র চালু করেছে, যাতে রাস্তায় থাকা কুকুর-বিড়াল খাবার পেতে পারে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে পোষা প্রাণী পরিত্যাগ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় দায়ী ব্যক্তিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।