পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম (এমআরএলএস) পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পর রোববার এ পরীক্ষা চালানো হয়।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বসন্তকালীন সামরিক মহড়া শুরুর পরপরই উত্তর কোরিয়া এ পরীক্ষা চালায় বলে জানা গেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শনিবার অনুষ্ঠিত এ পরীক্ষার তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, পরীক্ষায় ৬০০ মিলিমিটার ক্যালিবারের ১২টি ‘আল্ট্রা-প্রিসিশন’ মাল্টিপল রকেট লঞ্চার এবং দুটি আর্টিলারি ইউনিট অংশ নেয়।
কিম জং উন বলেন, এ মহড়ার মাধ্যমে পিয়ংইয়ংয়ের প্রতিপক্ষদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক সক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হয়েছে। এসব রকেটের আঘাত হানার সক্ষমতা প্রায় ৪২০ কিলোমিটার পর্যন্ত বলে উল্লেখ করা হয়।
কেসিএনএ আরও জানায়, পরীক্ষায় নিক্ষিপ্ত রকেটগুলো ৩৬০ কিলোমিটারের বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি নির্ধারিত দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এমআরএলএসকে ‘অত্যন্ত শক্তিশালী’ অস্ত্র হিসেবে উল্লেখ করে এর সক্ষমতার প্রশংসা করেন কিম।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আকাশে একাধিক রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। আরেকটি ছবিতে কিম জং উনকে তার মেয়ে জু আয়ে এবং একজন সামরিক কর্মকর্তার সঙ্গে দূর থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়।