শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

অস্থির হয়ে উঠতে পারে বৈশ্বিক তেলের বাজার


প্রকাশ :

ইরানের উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় আকস্মিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা পরিচালনা করেছে। তিনি দাবি করেন, ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপে থাকা সামরিক লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, খারগ দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। দ্বীপটিতে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে পারে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট বলেন, খারগ দ্বীপে হামলার অর্থ হলো যুদ্ধের ঝুঁকি নতুন মাত্রায় পৌঁছেছে। বিষয়টি এখন শুধু সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং ইরানের অর্থনৈতিক শক্তিকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই দ্বীপের তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারে। সেক্ষেত্রে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠবে এবং দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ইরানের উপকূল থেকে প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত খারগ দ্বীপ দিয়েই দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। চলমান উত্তেজনার মধ্যেও যুদ্ধের প্রথম দুই সপ্তাহে দ্বীপটি অক্ষত ছিল বলে ধারণা করা হচ্ছিল।