শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল


প্রকাশ :

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এশিয়ার লেনদেনে তেলের দাম প্রায় ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এর আগে কয়েকদিন ধরে বাজারে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছিল।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ কৌশলগত মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিলেও বাজারে স্থিতিশীলতা ফেরেনি। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। তাই এ পথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে বৈশ্বিক বাজারে তার সরাসরি প্রভাব পড়ে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম এক পর্যায়ে ১১০ ডলারও অতিক্রম করেছিল। এরপর কিছুটা কমলেও আবারও তা ১০০ ডলারের ঘর পেরিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়তে থাকে। টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই সংঘাতের মধ্যেই ইরান সতর্ক করে দিয়েছে, হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেওয়া হতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।