মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি কঠোর হুঁশিয়ারি দেখা দিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
আইআরজিসি’র এমন বক্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বাধা দেয়, তাহলে দেশটিকে আগের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী সামরিক হামলার মুখে পড়তে হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ইতোমধ্যেই ব্যাহত হচ্ছে। এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে। তবে তার এই মন্তব্যের জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুদ্ধের শেষ কখন হবে তা নির্ধারণ করবে ইরানই।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সমীকরণ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে এবং যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর অতীতের যেকোনো সময়ের চেয়ে প্রায় ২০ গুণ বেশি কঠোর সামরিক হামলা চালাবে। এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে, যা ইরানের পক্ষে দ্রুত পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।