ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, দেশটির রামাত ডেভিড বিমানঘাঁটির রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে একাধিক ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়। হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আহত হয়েছেন আরও ১৫৪ জন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে নিহতের সংখ্যা ৩১ এবং আহতের সংখ্যা ১৪৯ বলা হয়েছিল।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবাননসহ রাজধানী বৈরুতের দক্ষিণ উপনগরীতে টানা বোমাবর্ষণের ফলে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।