শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি, জাহাজ চলাচলে হামলার ঘোষণা আইআরজিসির


প্রকাশ :

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করলে সরাসরি হামলা চালানো হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির এক শীর্ষ কর্মকর্তা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার (২ মার্চ) আইআরজিসির কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি দাবি করেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ এই পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও ইরানের নিয়মিত নৌবাহিনী তা প্রতিহত করবে।

তিনি বলেন, “যে কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”

Al Jazeera-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান এই কঠোর অবস্থান নিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

আইআরজিসির টেলিগ্রাম বার্তায় আরও বলা হয়েছে, শুধু জাহাজ নয়—তেল পরিবহন ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। জাবারি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বৈশ্বিক বাজারে তেলের দাম ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপরও কড়া বার্তা দিয়েছে তেহরান। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল দেশগুলোকে এর পরিণতি ভোগ করতে হবে।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।

এদিকে, প্রণালীতে সম্ভাব্য অচলাবস্থা ও জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।